লকডাউনে স্কুল করতে এক মাইল দূরে মিললো ইন্টারনেট

১৬ এপ্রিল, ২০২০ ১৭:২৭  
লকডাউনে স্কুল বন্ধ। ক্লাস চলছে অনলাইনে। কিন্তু ঘরে মিলছে না মোবাইল নেটওয়ার্ক। অগত্যা বাড়ি থেকে এক মাইল দূরে মিললো নেটওয়ার্ক। সেখানেই নিজের ট্যাব নিয়ে পড়াশোনা শুরু করেছে ১২ বছরের গিউলিও জিওভান্নি। ঘটনাটি মধ্য ইতালির তুস্কানসানোত। কষ্ট করে বাড়ি থেকে দূরে যেতে হলেও গিউলিও জিওভান্নির পড়ার পরিবেশটা কিন্তু দারুন। পাহাড়ের ওপর বসানো হয়েছে পড়ার টেবিল। এর একদিকে আছে আঙ্গুরের বাগান, আরেকদিকে জলপাই গাছের ছায়া। দেহের ওপর নরম পরশ বুলিয়ে যায় স্নিগ্ধ রোদ। বুধবার বার্তা সংস্থা রয়টার্সকে গিউলিও বলেছে, ‘দিনে আমার পড়ার সময় বাড়ি থেকে একটি টেবিল, বসার টুল, ট্যাবলেট ও পড়ার জন্য প্রয়োজনীয় সব নিয়ে মা আর আমি গাড়িতে করে এখানে আসি। আমরা সবকিছু প্রস্তুত করে পড়ার জন্য তৈরি হয়ে যাই।’ মাধ্যমিক স্কুলের প্রথম বর্ষের শিক্ষার্থী গিউলিওর ভাষ্য, ‘আমি স্কুলে যাওয়া পছন্দ করি। কারণ সেখানে অন্তত আমি আমার বন্ধুদের দেখা পাই। এখানে আমি তাদেরকে কেবল স্ক্রিনে দেখতে পাই। অন্তত তাদের চেহারতো দেখতে পাই।’ বাড়ির ফোন কয়েক মাস ধরে নষ্ট থাকায় সেখানে ইন্টারনেট সংযোগ পাওয়া যাচ্ছে না। এছাড়া সম্প্রতি সেখানে মোবাইল ফোনের নেটওয়ার্কও মিলছে না বলে জানিয়েছেন গিউলিও’র মা।